Header Ads

মিথ্যে বলা কূটনীতি নয়; দেশের জনগনের সাথে বিশ্বাসঘাতকতা করা! মনমোহন সিং

নজরবন্দি ব্যুরোঃ লাদাখে চিন ভারতের হাতাহাতি, সংঘর্ষ, মৃত্যুকে ঘিরে নজিরবিহীন অবস্থার মধ্যে দেশ। প্রধানমন্ত্রী ১৯ তারিখ সাফ জানিয়ে দিয়েছেন ভারতের সীমা পেরিয়ে কেউ ঢোকেনি এবং ভারতের কোন পোস্ট দখল হয়নি! অথচ গত ১৫ই জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ভারতীয় এলাকাতেই গোটা ঘটনা ঘটেছে।
চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর রীতিমত কড়া ভাষায় জানিয়েছিলেন যে চিনা সেনা পরিকল্পিতভাবে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালিয়েছে। পরে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র আর বিদেশ মন্ত্রীর বক্তব্য কে উড়িয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন "আমাদের কোনও পোস্ট দখল হয়নি। বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।" সেই মন্তব্য কে হাতিয়ার করেছে চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি যে গালওয়ান উপত্যকার অবস্থান LAC-র পশ্চিমে। ওটা চিনেরই এলাকা।"
এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই মিথ্যা তথ্য দেওয়া কূটনীতি নয়, তা মজবুত নেতৃত্বের কাজও নয়। সত্যিটা কখনওই চেপে রাখা যায় না। গত এপ্রিল মাস থেকে বারবার গালওয়ান উপত্যকা ও প্যাঙ্গং লেকের কাছে ঢুকে পড়ে চিন অতিশয় নির্লজ্জ ভাবে ও বেআইনি ভাবে ভারতীয় ভূখণ্ডের অংশকে তাদের বলে দাবি করছে।
ওদের হুমকি ও হম্বিতম্বির সামনে আমরা মাথা নত করতে পারি না। প্রধানমন্ত্রীর কথাকে ব্যবহার করে তাদের দাবির যথার্থতা প্রমাণের সুযোগও দিতে পারি না। সরকারের উচিত সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে এই সংকটের মোকাবিলা করা।" এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী বিবৃতিতে আরও জানিয়েছেন, আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে বা পদক্ষেপ করছে (লাদাখ সংঘাত নিয়ে) তা দিয়েই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিচার করবে। তাই জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে কোনও মন্তব্য বা ঘোষণা করার সময়ে প্রধানমন্ত্রী যেন শব্দের ব্যবহার নিয়ে সতর্ক থাকেন।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.