Header Ads

আরও ছাড় চায় রাজ্যগুলি; প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন মুখ্যমন্ত্রীরা

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ল কোভিড-১৯ সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ৪ হাজার ২১৩ জন, যা কিনা এখন পর্যন্ত একদিনের রেকর্ড। রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। বিরাট সংক্রমণের জন্য দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৬৭ হাজার ১৫২ তে।  সোমবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। এইরকম আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

সমস্ত পরিস্থিতি বিচার করে আরও বেশ কিছু বিষয়ে ছাড় দিক কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে সম্ভবত সেই প্রস্তাবই রাখতে চলেছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রবিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবদের বৈঠকের পরে তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওই বৈঠকেও রাজ্যের মুখ্যসচিবরা তৃতীয় দফার লকডাউন শেষ হলে আরও কিছু ছাড় দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সওয়াল করেছেন।

প্রসঙ্গত, আগামী ১৭ মে শেষ হতে চলেছে তৃতীয় দফার লকডাউন। তার পরে লকডাউন নিয়ে পদক্ষেপ কি হবে, তা পর্যালোচনা করতে সোমবার আরও একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শেষ বৈঠকে বাছাই করা কয়েকজন মুখ্যমন্ত্রীকেই কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। এবারের বৈঠকে অবশ্য সব মুখ্যমন্ত্রীদেরই কথা বলার সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.