Header Ads

করোনা নিয়ে কেন্দ্রের রাজনীতি করা কাম্য নয়; দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ভূমিকাই সবচেয়ে ভাল: মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে দ্রুত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। সমানে পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। গতকাল করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৩৯ জন। কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাঁর মধ্যে ১ হাজার ৩৩৭ জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। রাজ্যের এমন অবস্থার মধ্যে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


করোনা সংক্রমণ রুখতে সমস্ত শক্তি দিয়ে লড়ছে গোটা বাংলা। দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ভূমিকাই সবচেয়ে ভাল। এমন কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে কোনওরকম রাজনীতি কাম্য নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে এমন বার্তাই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর ক-দিন পরেই তৃতীয় দফা লকডাউনের মেয়াদ শেষ। বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এরপর কোন পথে হাঁটবে দেশ, লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে? কোন রাজ্যের করোনা পরিস্থিতি কেমন – সেসব বিস্তারিত জানতেই আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। এদিন ভিডিও কনফারেন্সে অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার পরিস্থিতি জানতে চান প্রধানমন্ত্রী। তাতেই মুখ্যমন্ত্রী জবাব দেন – "রাজ্য হিসেবে করোনার সংক্রমণ আটকাতে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করছি। আমাদের রাজ্যের চারপাশে বেশ কয়েকটা সীমান্ত রয়েছে, পাশাপাশি বড় বড় দেশও রয়েছে। তা সত্বেও চেষ্টা করে চলেছি সংক্রমণ যাতে না ছড়াতে পারে। এই সংকটকালে কেন্দ্রেরও কোনও রকম রাজনীতি করা উচিত নয়। সব রাজ্যকেই সমানভাবে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাটাই ভাল।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.