লকডাউন ভেঙে দাঙ্গা করলে কড়া ব্যবস্থা নেবে সরকার; তেলিনিপাড়ার ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে লকডাউন চলছে। আর চলতে থাকা লকডাউন ভেঙে যারা দাঙ্গা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ তাদের বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থা নেবে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হুগলির তেলিনিপাড়ার সাম্প্রদায়িক অশান্তি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আপনাদের লজ্জা লাগে না? এই মহামারির সময় হিন্দু-মুসলিম করছেন। বিধানসভা ভোট তো পরের বছর। এখনই দাঙ্গা করছেন কেন? হিন্দু-মুসলিম না খুঁজে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় কাজ করছে, তাঁদের পাশে গিয়ে দাঁড়ান। এখন হিন্দু-মুসলিম করবেন না।'
প্রসঙ্গত, ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। সোমবার ওই এলাকায় ঢুকতে গেলে পুলিশ আটকে দেয় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এমনটাই অভিযোগ। এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, মানকুণ্ডু জ্যোতির মোড় থেকে বিজেপি সাংসদ লকেটকে ফিরিয়ে দেয় পুলিশ। গোটা ঘটনায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন লকেট।
রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়াচ্ছিল তেলিনিপাড়া এলাকায়। বিকেলের পর সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। একাধিক বাড়িতে চলে ভাঙচুর। বেশ কয়েকটি দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। দুই গোষ্ঠীর সংঘর্ষের অনেকে আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হসপিটালে।
রাতভর এলাকায় টহল দেয় পুলিশ। পরে ওই এলাকা পরিদর্শনে যান চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। যদিও নতুন করে উত্তেজনা ছড়ানোর কোনও খবর পাওয়া যায় নি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

No comments