Header Ads

পরিযায়ীদের বাঁচাতে রাজ্যের হাতিয়ার ১০০ দিনের কাজ!

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৭ জন।  সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ২৯০ জন। ২ হাজার ২৯০ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮১ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
এমন অস্থির সময়ে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই পরিকল্পনাতে একশো দিনের কাজকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে তারা। নবান্নের খবর অনুযায়ী, বাইরের রাজ্য থেকে যে সব শ্রমিক ঘরে ফিরে আসবেন তাদের একশো দিনের কাজের প্রকল্পে নিযুক্ত করা হবে। তার জন্য পঞ্চায়েত, মৎস্য, সেচ, বনদপ্তর সহ বিভিন্ন সরকারি বিভাগকে কাজের লিস্ট  তৈরি করতে বলা হয়েছে। একশো দিনের কাজের প্রকল্পে যে সব কাজ হয়ে থাকে যেমন পুকুর ও খাল কাটা, নদী বাঁধ মেরামতির পাশাপাশি দপ্তরগুলিকে নতুন কাজের সন্ধান করতে বলা হয়েছে। যাতে আরও বেশি মানুষকে জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে কাজ দেওয়া যায়। রাজ্য পঞ্চায়েত দপ্তরকে তার একটি ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.