Header Ads

কালিয়াগঞ্জে করোনা আক্রান্ত তিনজন; সবাই বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিক। #BreakingNews

অঞ্জন বল, কালিয়াগঞ্জঃ লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবারে নতুন করে তিনজন করোনা আক্রান্তের হদিশ মিলল কালিয়াগঞ্জে। নতুন এই তিনজন মিলিয়ে কালিয়াগঞ্জে করোনা আক্রান্তের সংখা দাঁড়াল চার। মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের ডালিমগাঁ এলাকার তিনজনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। এই রিপোর্ট আসতেই হুলুস্থুল কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের অন্দরে। করোনা আক্রান্তদের তুলে রায়গঞ্জে কোভিড-১৯ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যায়  রাতেই।কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও পরিমল দাস, আইসি আশীষ দলুই ও মেজবাবু পিনাকী সরকার এবং বিএমওএইচ ডাঃ সন্দীপ বাগ সহ কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের বিরাট বাহিনী হাজির হয় ডালিমগাঁর পশ্চিম নেহালীপাড়া এলাকায়।
করোনা আক্রান্তদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জে। প্রশাসন সূত্রে খবর, এই তিনজন গত ১০ মে দিল্লি থেকে ফিরেছিল। কালিয়াগঞ্জে জায়গা না থাকায় তাদের সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখতে চোপড়ায় পাঠানো হয়। নিয়ম মাফিক এদের লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ।এদিন সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর নিয়ম মেনে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এই তিনজন এবং তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের তুলে রায়গঞ্জে পাঠায়। এদিন রাতেই কালিয়াগঞ্জের ধনকৈল পঞ্চায়েতের এই ডালিমগাঁ এলাকার পশ্চিম নেহালীপাড়ার পৃথক অংশে এই তিনজনের বাড়ি। এদিন রাতেই কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এই এলাকাগুলি সিল করে দিয়েছে। কনটেইনমেন্ট জোন হিসেবে এই এলাকার বাসিন্দাদের আসা-যাওয়া এদিন রাত থেকে বন্ধ করে দেয় পুলিশ। চোপড়ার কোয়ারান্টাইন সেন্টার থেকে এরা বাড়ি ফেরার পর কোথায় গিয়েছিল, কাদের সঙ্গে মেলামেশা করেছিল তার সন্ধানে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.