Header Ads

ফের করোনা আক্রান্তের হদিস মিলল পূর্ব বর্ধমানে।আক্রান্ত ২ জন

নজরবন্দি ব্যুরোঃ ফের করোনা আক্রান্তের হদিস মিলল পূর্ব বর্ধমানে। ভিন রাজ্য থেকে আসা দুই শ্রমিকের দেহে মিলল এই মারণ ভাইরাস। জেলাশাসক বিজয় ভারতী জানান, ভাতার ও কাটোয়ার নতুনহাটের দুই বাসিন্দার শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাঁদের দুজনের একজন চেন্নাই ও অন্যজন হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। ভাতারের আক্রান্ত যুবক হরিয়ানায় একটি স্টিল পালিশের কারখানায় কাজ করতেন। হরিয়ানা থেকে দিল্লি হয়ে পাঁচ দিন আগে তিনি গ্রামে ফেরেন। বাড়িতে ফিরলেও কোয়ারেন্টাইনেই ছিলেন ওই যুবক। গতকাল সন্ধ্যায় তাঁদের লালারসের রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনায় জেলায় উদ্বেগ আরও বাড়লো। এখনও পর্যন্ত জেলার তের জন বাসিন্দা করোনা আক্রান্ত হলেন।
 পাশাপাশি জেলায় কন্টেইনমেন্ট এলাকা বেড়ে দাঁড়ালো মোট সাত টি।উল্লেখ্য, মুম্বাই থেকে ফেরার পথে করোনায় আক্রান্ত হন আউশগ্রামের দুজন। মাকে চিকিত্সা করিয়ে ফিরছিলেন এক যুবক। তাঁদের দু জনের দেহেই করোনার সংক্রমণ মেলে। এরপর গতকাল পূর্বস্থলীতে এক জন করোনা আক্রান্ত শ্রমিকের হদিস মেলে। আরও কয়েক জনের সঙ্গে গাড়ি ভাড়া করে মুম্বাই থেকে এ রাজ্যে ফিরেছিলেন তিনি। এরপর সোমবার ভিন রাজ্য থেকে আসা আরও দু জন করোনা আক্রান্তের হদিশ মিলল নতুন দুই এলাকায়। এই ঘটনার জেরে ভিন রাজ্য থেকে আসা বাসিন্দাদের প্রত্যেকের নমুনা পরীক্ষা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে জেলা প্রশাসন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.