ভারত চিন সীমান্তে উত্তেজনা চরমে, সীমান্তে সেনা বাড়াচ্ছে দুই দেশই
নজরবন্দি ব্যুরোঃ প্যাংগং লেক আর গালোয়ান ভ্যালি। ভারতের সীমান্তের দিকে থমথমে পরিস্থিতি। তাঁবু খাটিয়ে বসে আছে চিনের সৈন্য। বসে নেই ভারতও। একে অপরের চোখে চোখ রেখে তারা দাঁড়িয়ে আছে আজ প্রায় ২০ দিনেরও বেশি।গত কয়েক দিনে সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়েছে দু'দেশই । LAC-তে ইতিমধ্যেই আরও ৫০০০ সেনা মোতায়েন করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি । সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যেই পিএলএ সেনারা এসে পড়েছে সীমান্তের কাছে।
যেখানে ভারতীয় সেনার ৮১ ও ১১৪ ব্রিগেড দায়িত্বে রয়েছে । দৌলত বেগ ওল্ডি থেকে চিনা সেনাদের ঠেকিয়ে রাখাই এই ব্রিগেডের মূল দায়িত্ব ।গত কয়েক সপ্তাহে লাদাখ ও উত্তর সিকিমে একাধিকবার হাতাহাতি ও বিরোধে জড়িয়েছে ভারত ও চিনের সেনা। গত সপ্তাহেই চিন অভিযোগ তোলে, ভারতীয় সেনা জোর করে চিনের এলাকায় ঢুকে পড়ছে। অভিযোগ ওঠে, এ ভাবে এক তরফা সিকিম ও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বদলে দেওয়ার চেষ্টা করছে তারা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় সেনা তাদের সব কাজকর্ম নিজস্ব এলাকার মধ্যে থেকেই করেছে। সীমান্ত মেনে চলার ক্ষেত্রে ভারত বরাবরই খুব দায়িত্বশীল। একইসঙ্গে ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।

No comments