রাজনৈতিক ভেদাভেদ ভুলে কেরলের কাছ থেকে পরামর্শ নিল বিজেপি শাসিত কর্নাটক!
নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণ ভারতের অধিকাংশ রাজ্যেই যে হারে ছড়িয়ে পড়েছে তাতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই আবহেও করোনাকে ঠেকিয়ে ফেলেছে বামপরিচালিত কেরল সরকার। বিশেষ করে মৃত্যুর হার অনেক কম। করোনার মোকাবিলায় কেরল মডেলকে আজে লাগাতে কেরলের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সেরেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী।
রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন জনগণের স্বাস্থ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে সেসব ছেড়ে দিয়ে ভালো জিনিসটা গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু দেশের এই জরুরী পরিস্থিতিতেও যখন রাজনৈতিক বিবাদ চলছে সেই আবহে বামপরিচালিত কেরল সরকারের কাছ থেকে পরামর্শ চেয়ে রীতিমত নজির গড়ল বিজেপি পরিচালিত কর্নাটক সরকার।
সূত্রের খবর কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজার সঙ্গেই করোনার মোকাবিলায় জরুরী ভিত্তিতে সরকারের উদ্যোগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর রেড্ডি।
এই প্রসঙ্গে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন "কেরলের কাজ রীতিমত প্রশংসার দাবি করে। আমাদের রাজ্যেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই কেরলের থেকে একাধিক বিষয়ে পরামর্শ নেওয়া হল। বেশ কিছুক্ষণের এই বৈঠকে গঠন মূলক আলোচনাও হয়। লকডাউন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।"
জনস্বাস্থ্য বিষয়ে মানুষের চেয়ে রাজনৈতিক স্বার্থ যে বড় নয় তা কার্যত প্রমান করে দিল কর্নাটক। করলে করোনা আক্রান্তের সংখ্যা ৫১২। চার জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কর্নাটকে আক্রান্তের সংখ্যা ৮৬২। মৃত্যু হয়েছে ৩১ জনের।

No comments