Header Ads

এবার চালু হতে পারে যাত্রীবাহী বিমান পরিষেবা!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ল কোভিড-১৯ সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ৪ হাজার ২১৩ জন, যা কিনা এখন পর্যন্ত একদিনের রেকর্ড। রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। বিরাট সংক্রমণের জন্য দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৬৭ হাজার ১৫২ তে।  সোমবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। এই আবহে ট্রেনের পাশাপাশি এবার যাত্রী বিমান পরিষেবা চালু করতে চলেছে ভারত সরকার।
দুটি গ্রিন জোন শহরের মধ্যে বিমান চলতে পারে, এমনটা আভাস পাওয়া গিয়েছে। ১৭ মে-র পর থেকে দেশের বিভিন্ন বাছাই করা রুটে চালু হতে পারে বিমান পরিষেবা। বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী কিছুদিন আগেই এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করোনা সংক্রমণের ভিত্তিতে ক্রমাগত জোনগুলো পরিবর্তন হচ্ছে। ফলে এই মুহূর্তে আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করা সবথেকে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই ১৭ তারিখের পর থেকে অল্প অল্প করে যাত্রী বিমান পরিষেবা চালুর পরিকল্পনাই রয়েছে কেন্দ্রের। এর জন্য প্রয়োজনীয় সবরকম উদ্যোগ নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.