'রমজান মাসে দাঙ্গা ছড়াচ্ছে একটা দল' তেলিয়াপাড়ার ঘটনায় বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ তেলিয়াপাড়ার ঘটনায় এবার নাম না করে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঙ্গাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 'রমজান মাসে একটা দল চাইছে বাংলায় দাঙ্গা লাগাতে। যে দাঙ্গা করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে। কাউকে ছাড়া হবে না। অশান্তি করলেই গ্রেপ্তার।’ নাম না নিয়েই বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের ঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন তিনি। তাদের ক্ষতিপূরন দেওয়া জন্য একটি তালিকা তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি লকডাউনের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান খোলার পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন থেকে 'গ্রামীণ জাগরণের' ডাক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন অনেক কাজ বাকি আছে। গ্রাম বাংলার উন্নয়ন কাজ থমকে। তা সচল করতে হবে। এরজন্য ১০০ দিনের কাজও শুরু করা হবে। শ্রমিকদেরকে সরকারি কাজে নেওয়া হবে বেশি বেশি করে। এমনকি বাংলায় আটকে থাকা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকেও এই কাজের আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি রেশন দূর্নীতি নিয়েও সরব হন তিনি। কেউ যেন অনাহারে না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। রেশন ডিলাররা যেন চাম-গম লুকিয়ে না রাখেন, হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

No comments