Header Ads

কেন্দ্রীয় প্রতিনিধিদল নিয়ে চূড়ান্ত অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সাত জেলায় দুটি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই প্রসঙ্গে তিনি টুইট করে বলেন, 'রাজ্যে কেন বিশেষ প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, তার কারণ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে জানাতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে এগোন সম্ভব নয়, কারণ এই সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়।'

কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দার্জিলিং, কালিম্পং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ির মতো জেলায় এই দুটি দল পরিদর্শন করবে বলেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরেই টুইট করে এভাবে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়লেও ২০ এপ্রিল থেকে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি দেখে কিছু কিছু এলাকায় লকডাউন শিথিল করার কথা জানিয়েছিলেন মোদী। সেই মতো আজ থেকে প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মও শুরু হচ্ছে আজ থেকে।

এ হেন পরিস্থিতিতে রাজ্যের জন্য আশঙ্কার খবর হল, বাংলায় একাধিক জায়গায় লকডাউন বিধি মানা হচ্ছে না। এই নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্র। কেন্দ্র চিঠিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গে ৭টি জেলায় লকডাউন বিধি মানা হচ্ছে না। এই ৭টি জেলা হল, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, কলকাতা ও জলপাইগুড়ি। এই জেলাগুলিতে সামাজিক দূরত্বও মানা হচ্ছে না বলে চিঠিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এই জেলাগুলিতেই চলতি সপ্তাহেই পরিদর্শনে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। চিঠিতে এমন কথা বলা হয়েছে। সূত্রের খবর, মাছ-মাংসে দোকান-সহ একাধিক জায়গায় এই নিয়মবিধি না মেনেই যথেচ্ছভাবে ভিড় করে বিক্রি চলছে। ফলে নির্দেশিকা তা কোনওভাবেই মানা হচ্ছে না। যার কারণেই এই জায়গাগুলিতে সংক্রমণের সংখ্যা বাড়ছে বলেই মনে করছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এই চিঠিতে রাজ্য প্রশাসনকে জানিয়েছে, লকডাউনের নিয়ম ও সামাজিক দূরত্ব যাতে এই সাত জেলা-সহ সমগ্র রাজ্যজুড়ে বজায় রাখা যায়, তা দ্রুত নিশ্চিত করতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.