করোনায় মৃতদের লাশ গায়েব করছে রাজ্য! বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে বঙ্গ বিজেপির সভাপতি বললেন, "এক সময় সিপিআই(এম) লাশ গায়েব করেছে, এখন করোনায় মৃতদের লাশ গায়েব করছে রাজ্য।" বিজেপি সাংসদের এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।
রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে রাজ্যে। যদিও রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে প্রায় সব রাজনৈতিক দল।
এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার সরাসরি দেহ লোপাটের অভিযোগ করলেন তিনি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "রাজ্য যা তথ্য প্রকাশ্যে আনছে তার চারগুণ বেশি মানুষ এই রাজ্যে করোনায় আক্রান্ত। ভয় দেখিয়ে পুলিশ-প্রশাসন থেকে ডাক্তার-সকলের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। এমনকি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।" তিনি আরও বলেন, "কিছু তথ্য প্রকাশ্যে এলেও সংবাদমাধ্যমকে তা লিখতে দেওয়া হচ্ছে না।" বিজেপি সাংসদের কথায়, "নবান্নে একটি অডিট কমিটি তৈরি করা হয়েছে। করোনায় মৃতদের পূর্বের কোনও অসুস্থতা ছিল কি না, তা খতিয়ে দেখার দায়িত্বে ওই কমিটি। যাদেরই হৃদরোগ বা এই জাতীয় কোনও সমস্যার তথ্য পাওয়া যাচ্ছে, তাঁদের করোনা সংক্রমণে মৃত বলে গণ্য করা হচ্ছে না। লোপাট করা হচ্ছে দেহ।"

No comments