Header Ads

প্রশিক্ষণ ছাড়া কাউন্সেলিংয়ে সুযোগ! ১৪ জন হবু শিক্ষককে কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ আদালতের।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আছে বহু বিতর্ক। হবু শিক্ষকদের একটা বড় অংশ বার বার শিক্ষক নিয়োগের পরীক্ষাতে অনিয়মের অভিযোগ এনেছেন। বেশিরভাগ সময় অভিযোগের তির ছিল রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের দিকে।
এমনকি অনেকে পরীক্ষাতে পাশ করেও চাকরিতে ডাক না পাবার অভিযোগ উঠেছে। স্বচ্ছভাবে নিয়োগ এবং প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে প্রতিবাদ আন্দোলন বার বার তীব্র আকার ধারণ করেছে। সেই আন্দোলনকে দমাতে পুলিশকে লেলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন হবু শিক্ষকরা। আর ফের একবার কমিশনের অনিয়মের বিরুদ্ধে রায় দিল আদালত।

এসএসসি-র কাউন্সেলিংয়ে ১৪ জন পরীক্ষার্থীকে ডাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য গতকাল এমন নির্দেশ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যেই ওই চাকরি-প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী অনিন্দ্য বসু জানান, ২০১৬-র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় বসেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ ১৪ জন চাকরি-প্রার্থী। তাঁদের সকলেরই বিষয় ছিল ভূগোল। ওই ১৪ জন চাকরি-প্রার্থী প্রশিক্ষণপ্রাপ্ত ও টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৬ সালের এসএসসি নিয়োগ পরীক্ষার কাউন্সেলিং শুরু হয়েছে। অরুণ সরকার নামে অপর এক চাকরি-প্রার্থীকে ভূগোলের কাউন্সেলিংয়ে ডেকেছে কমিশন।
কিন্তু ওই ব্যক্তির কোনও প্রশিক্ষণ নেই। এই অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ ১৪ জন চাকরি-প্রার্থী। সেই মামলার শুনানিতেই এই ১৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত ও টেট উত্তীর্ণ প্রার্থীদের আগামী এক মাসের মধ্যে কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, এনসিটিই-র নির্দেশিকা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতদের আগে নিয়োগ করতে হবে। তারপর যদি সুযোগ থাকে, তবেই প্রশিক্ষণ-হীনরা সুযোগ পাবেন। এখানে সেই নিয়ম মানেনি কমিশন। যার কারণে আদালতের এই নির্দেশ। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.