Header Ads

জোড়া ফুল থেকে ভাঙিয়ে কেন বড় ফুলে? রাগে ফুঁসছে বিজেপি সমর্থকরা

নজরবন্দি ব্যুরো: বঙ্গে লোকসভা নির্বাচনে সাফল্য পাবার পরেই তৃণমূলের নেতা কর্মীদের দলে টানার খেলা শুরু করেছে বিজেপি। যদিও বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন, তৃণমূলের নেতারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে তৃণমূল কর্মীদের বিজেপিতে জায়গা দেওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ গেরুয়া শিবিরের একটা বড় অংশ।

তৃণমূল থেকে ভাঙিয়ে বিজেপিতে কেন? এই অভিযোগে উত্তাল বিজেপির অন্দরমহল।
তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও সদস্যদের ভাঙিয়ে পদ্ম শিবিরে সামিল করার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধেছে বিজেপি কর্মীদের মধ্যে। দলীয় সাংসদ ও জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। এমনকি প্রতিবাদ জানিয়ে মিছিলও করেন তাঁরা।

এবার লোকসভা ভোটে কোচবিহারে বড় ব্যবধানে জিতেছে বিজেপি। জয়ী হয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী নিশীথ প্রামাণিক। আর ভোটের ফল বেরনোর পর থেকেই শুরু হয়েছে দল ভাঙার খেলা। জোড়া ফুল ছেড়ে অনেকেই বড় ফুলের তলায় এসে আশ্রয় নিয়েছেন। গতকাল নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন কোচবিহারের মাটলহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না রায়।
তাঁর সঙ্গেই গেরুয়া শিবিরে নাম লেখান আরও ৫ জন পঞ্চায়েত সদস্য। আর এতেই ক্ষুব্ধ ওই এলাকার বিজেপির পুরনো দিনের কর্মীরা। তাঁদের একটাই প্রশ্ন, তৃণমূল থেকে ভাঙিয়ে বিজেপিতে আনার কারণ কি?  তাদের আরও অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর, এরাই এলাকায় সন্ত্রাস চালাবে।

এই অভিযোগে আজ  সকালে বিজেপি নেতা নৃপেন সরকারের নেতৃত্বে লক্ষ্মীবাজার এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। মিছিল থেকে সাংসদ নিশীথ প্রামাণিক সহ কোচবিহার জেলা সভাপতি মালতি লাভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় সমর্থকরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.