ভোটের দিন মারধোর, অবশেষে আজ মারা গেলেন টিএমসি কাউন্সিলরের স্বামী
নজরবন্দি ব্যুরোঃ গত ২৩ এপ্রিল তৃতীয় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। সেদিন সকালে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা ছড়ায় ডোমকলে। আক্রান্ত হন ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জাহানারা আনসারির স্বামী তুজাম্মেল। তৃণমূলের স্থানীয় নেতাদের অভিযোগ, ভোটের দিন যখন ডোমকলের মানিকনগরের একটি বুথে ঢুকতে যান তুজাম্মেল, তখন তাঁকে বাধা দেয় কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা।
বুথ থেকে তিনশো মিটার দূরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তৃণমূল কাউন্সিলরের স্বামীকে। গুরুতর আহত অবস্থায় আনসারিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। পরে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। শেষপর্যন্ত তুজাম্মেলকে কলকাতা নিয়ে এসেছিলেন পরিবারের লোকেরা। শনিবার কলকাতায় বেসরকারি হাসপাতালে মারা গেলেন তিনি।

No comments