দ্রুত জয়েনিং ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আদালতে মামলা করতে চলেছেন হবু শিক্ষকরা!
নজরবন্দি ব্যুরো: তৃণমূল সরকার রাজ্যের দায়িত্ব হাতে পাবার পর থেকে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলে আসছে। বিভিন্ন সময় শিক্ষক নিয়োগের পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের হবু শিক্ষকরা।
আর এই নিয়ে আদালতে মামলাও কম হয় নি।
এখনও শূন্যপদ বিভ্রাটের জেরে আটকে আছে প্রায় ২৫০ জন সফল হবু পরীক্ষার্থীর ভাগ্য। আদালতে মামলার কারণে আটকে আছে নিয়োগপত্র বিলির প্রক্রিয়া। বহু পরিশ্রমের পর চাকরি পেয়েও মেলেনি নিয়োগপত্র। এর ফলে তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ।
তাদের প্রশ্ন নিয়োগপত্র হাতে না পাবার দায় কে নেবে? চাকরিতে যোগ দিতে না পেরে তাদের আর্থিক যে ক্ষতি হচ্ছে তার দায় নেবে কি সরকার? এই সব দাবি তুলে এবার মামলা করতে চলেছেন নবম-দশমের সফল চাকরী প্রার্থীরা।
অভিযোগ,বিকাশ ভবন সহ একাধিক জায়গায় যোগাযোগ করলেও নিয়োগ নিয়ে কোন সদুত্তর মেলেনি।
তাদেরকে এক দফতর থেকে অন্য দফতরে যাবার কথা বললেও, হাতে পায়নি নিয়োগপত্র। এর ফলে তারা পরীক্ষাতে সফল হবার পরেও এখনও চাকরিতে যোগ দিতে পারেন নি। এতে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন।
তাই এবার ক্ষতিপূরণ আদায়ের ও দ্রুত চাকরিতে যোগ দেবার দাবি জানিয়ে আদালতে মামলা করতে চলেছেন বলে জানা গিয়েছে।

No comments