দশ মিনিট আগে ডাক! পরিকল্পনা করে অধীর চৌধুরীকে অপমান।
নজরবন্দি ব্যুরো: সবে প্রাক্তন হয়েছেন তিনি। অথচ তাঁকে বাদ দিয়ে রাজভবন অভিযান! মানতে পারছেন না অধীর চৌধুরী। দশ মিনিট আগে আমন্ত্রণ জানানো হয় তাঁকে। প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন অধীর বাবু।
ইসলামপুর-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানাতে রবিবার সপার্ষদ রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ওই দলে ছিলেন না সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তাঁর ঘনিষ্ঠদের দাবি, রাজভবনে যাওয়ার জন্য নাকি অধীর চৌধুরীকে দশ মিনিট আগে জানানো হয়।
জানা গিয়েছে, এদিন রাজভবন যাওয়ার দশ মিনিট আগে প্রদীপ ভট্টাচার্য অধীর চৌধুরীকে ফোন করে রাজভবনে যাওয়ার জন্য বলেন। অধীর চৌধুরীর কাছের লোকেদের বক্তব্য, দশ মিনিটে যে বহরমপুর থেকে কলকাতায় আসা সম্ভব নয়, সেটা ওরা ভাল করেই জানেন তাঁরা। এটা আগে থেকে পরিকল্পনা করেই অপমান করা হয় অধীর চৌধুরীকে।
