Header Ads

শত্রু এখন মিত্র হয়েছে, শুধু ঘরে ফেরেনি সোমনাথ!

অর্ক সানাঃ সোমনাথ চট্টোপাধ্যায় এখন ইতিহাসের পাতায়। সমস্ত সোশ্যাল মিডিয়া তোলপাড় সিপিআইএমের আরও এক 'ঐতিহাসিক ভুল' কে সামনে রেখে! ঐতিহাসিক ভুল কেন? সে ব্যাখ্যায় পরে আসছি। আপাতত কিছু লিখতে চাই। রাজ্য কেন দেশের ১৩০ কোটি মানুষের কাছে যদি একটা প্রশ্ন করা যায় "পরমানু চুক্তি কি জানেন?" অন্তত ৯৯%র বেশি মানুষ বলবেন জানিনা! মনে হচ্ছে এমন অপ্রাসঙ্গিক কথা কেন লিখলাম? আপনি কি জানেন সোমনাথ চট্টোপাধ্যায় কে সিপিআই(এম) দল পার্টি থেকে বহিষ্কার করেছিল কি কারণে? নিশ্চই জানেন! পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে ছিলেন, আসলে ঐ পরমানু চুক্তি-র বিরোধিতা এবং সমর্থন প্রত্যাহার করার লাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। 

কিন্তু সবাই যেটা জানেন না সেটা হল সোমনাথ বাবুকে তার প্রিয় দল সিপিআইএম বহিষ্কার করেছিল পার্টি সংবিধানের ১৯/১৩ ধারায়। এই ধারা কি? অমুক সদস্য কে বহিষ্কার করা হল তার কারন  "সদস্যটি শত্রুপক্ষের সংগে যোগযোগ রাখার অভিযোগে অভিযুক্ত"!! শুধু তাই নয় এটা এমন গুরুতর ধারা যাতে কোন আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই! 

যখন বহিষ্কার করা হয় তখন শত্রু কে ছিল? কংগ্রেস! তার সাথেই ইয়েচুরি বাবুদের জোট হল রাজ্যের গত বিধানসভা নির্বাচনে! এখন আবার ২০১৯ লোকসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের বড় মিত্র সিপিআইএম! মাঝে মধ্যেই রাহুল ইয়েচুরির মিটিং চলছে নিভৃতে।  একটা ক্যাপশন দেওয়াই যায়  শত্রু এখন মিত্র হয়েছে, শুধু ঘরে ফেরেনি সোমনাথ! 

২টো আরও উদাহরন আছে যাদের একই ধারায় বহিষ্কার করা হয়েছিল আবার দলে ফিরিয়েও নেওয়া হয়েছে ১) নেপাল দেব ভট্টাচার্য আর ২)  নৃপেন চক্রবর্তী। নেপাল শুধু ফেরেননি তাঁকে গত বিধানসভা নির্বাচনে প্রার্থীও করা হয়েছিল! শুধু সংবাদ মাধ্যম বা সিপিআইএম সমর্থকরা আজও জানতে পারেননি ঠিক কি রকম দলবিরোধী কাজ করেছিলেন! অন্যদিকে নৃপেন চক্রবর্তী, তিনি তখন মৃত্যু শয্যায়, জানতেও পারেননি তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল!  

আরও অনেক লেখা যায়! যাই হোক আপাতত শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। সোমনাথ বাবুকে দল বহিষ্কার করেছিল শত্রু পক্ষের সঙ্গে যোগাযোগ রাখার জন্যে! আচ্ছা শত্রু পক্ষের সাথে যে যোগাযোগ রাখে তার সাথে যোগাযোগ রাখাও তো সমান অপরাধ! সূর্য কান্ত, সেলিম, বা সুজন বাবুদের তো ভালোই যোগাযোগ ছিল সোমনাথ বাবুর সাথে! তাঁদের কবে বহিষ্কার করবে দল? 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.