পারিবারিক আপত্তি, আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হচ্ছে না সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ।
নজরবন্দি ব্যুরোঃ পারিবারিক আপত্তির জেরে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হচ্ছে না প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ। হাসপাতাল থেকে সোমবার সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হবে তাঁর দীর্ঘকালের কর্মভূমি কলকাতা হাইকোর্টে।
যে দলের আদর্শের প্রতি তাঁর আনুগত্যে কখনও হেরফের হয়নি, সেই দলই তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছিল প্রায় এক দশক আগে। সম্ভবত সেই অভিমান থেকেই আলিমুদ্দিনে নিয়ে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে প্রয়াত রাজনীতিকের পরিবার। ৪০ বছর যে দলের সঙ্গে সম্পর্ক, সেই দলের সিদ্ধান্তের একেবারে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে ছিলেন তিনি। সময়টা এক দশক পেরিয়ে গেলেও, ক্ষতে প্রলেপ পড়েনি। বরং বর্ষীয়ান রাজনীতিক ও আইনজ্ঞ সোমনাথবাবুর মনে অভিমান জমে থেকেছে।
মাঝে মধ্যেই স্ত্রী রেণু চট্টোপাধ্যায় ও ছেলেমেয়েদের সঙ্গে কথাবার্তায় নিজের অভিমান, শ্লেষ প্রকাশ করে ফেলতেন এই বর্ষীয়ান রাজনীতিক। দল থেকে বহিষ্কৃত হলেও, দলের একটা বড় অংশের নেতারা ব্যক্তিগত স্তরে যোগাযোগ রেখে চলেছেন প্রিয় সোমনাথ দা'র সঙ্গে।

No comments