সব দাবি মেনে সুবিচারের আশ্বাস প্রশাসনের! তৃতীয় দিনে অনশন তুলে নিলেন খুশির বাবা৷
নজরবন্দি, আসানসোলঃ বেসরকারি
হাসপাতালের গেটের সামনে মেয়ে খুশি ঘোষের মৃত্যুর প্রকৃত কারণের তদন্তের দাবিতে
অবস্থান বিক্ষোভ ও আমরণ অনশনে বসেছিলেন অক্ষয় ঘোষ। তার সাথে দেখা করেন জেলা
ম্যাজিস্ট্রেট শান্তনু বোস৷ একই সাথে এদিন ডক্টর সমীরণ ব্যানার্জীর নেতৃত্বে এক
মেডিক্যাল টিম অক্ষয় বাবুর শারীরিক অবস্থার অবনতির দিকটি পরীক্ষা করে চিন্তা
ব্যক্ত করেন।
পাশাপাশি অক্ষয় বাবুকে অনশন ভঙ্গ করে
হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তির অনুরোধ রাখেন৷ কিন্তু অক্ষয় বাবু দাবি করেছিলেন, তার মেয়ের
মৃত্যুর জন্যে দায়ি বেসরকারি হাসপাতালটির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হোক৷ একই সাথে
তার দাবি, ওই বেসরকারি হাসপাতালে তার মেয়ে খুশির চিকিৎসা চলাকালীন সিসিটিভি-র
ফুটেজ দেওয়া হোক৷ তবেই তিনি অনশন ভাঙার বিষয়টি চিন্তা-ভাবনা করবেন৷
এরপরেই অক্ষয় ঘোষের দাবির সাথে সহমত হয়ে
স্থানীয়রা শুক্রবার বিকেলে পথ অবরোধে সামিল হয়৷ অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়৷ শেষ পর্যন্ত তৃণমূলের জেলা সেক্রেটারি অভিজিৎ
ঘটকের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং পুলিশ অক্ষয় বাবুর অভিযোগ গ্রহণ করে৷ একই সাথে
তার হাতে বেসরকারি হাসতাতালের সিসিটিভি ফুটেজ তুলে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন
বলে জানান৷ এই আশ্বাস পাওয়ার পরেই মৃত খুশির বাবা অক্ষয় বাবু শনিবার সকালে অনশন
তুলে নেন৷

No comments