Header Ads

পঞ্চায়েত পর্ব মিটলেই যাবতীয় শিক্ষক সমস্যার সমাধান মিলবে? কি জানাচ্ছে নবান্ন সূত্র?

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগের পরীক্ষা হয়ে যাওয়ার পরেও একাধিক ক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে রাজ্যে। রেজাল্ট প্রকাশের দাবি জানিয়ে বারবার আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। কিন্তু তারপরেও এখনো বেশিরভাগ ক্ষেত্রেই আশানুরূপ ফল পাননি তারা।
আপার প্রাইমারির পরীক্ষা হয়ে গেলেও সার্টিফিকেট মিলবে না ভোটের আগে। নবম-দশম, একাদস-দ্বাদশের রেজাল্ট বের হলেও মেলেনি নিয়োগপত্র। এদিকে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় ভোটের আগে যে আর কোনো শিক্ষক সমস্যার সমাধান হবে না, তা একপ্রকার স্পষ্ট।

এই অবস্থায় চাকরি প্রার্থীদের প্রশ্ন, কবে মিটবে তাদের সমস্যা? নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটিয়ে আদৌ কি সুষ্ঠু নিয়োগ করবে রাজ্য সরকার? নাকি এভাবেই চলতে থাকবে? নিয়োগ নিয়ে ক্রমাগত টালবাহানার জেরে জেরবার শিক্ষক পদপ্রার্থীদের একটা বড় অংশ শাসক দলের ওপর চরম বীতশ্রদ্ধ। তারা একাধিক বার সরকার বদলের হুঁশিয়ারিও দিয়েছেন ইতিমধ্যেই।
এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় সেইদিকে ব্যস্ত হয়েছে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে রাজ্য জুড়ে হবু শিক্ষকদের সমস্যার কথা মাথায় রয়েছে তৃণমূল সুপ্রিমোর। ঘনিষ্ঠ সূত্রে খবর, পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরপরই রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা শুরু হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের আগেই নিয়োগের সমস্ত জটিলতা কাটিয়ে হবু শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।

রাজ্যে প্রায় চার বছর ধরে বন্ধ শিক্ষক নিয়োগ। দীর্ঘ সময় ধরে নিয়োগ না হওয়ায় চাকরি প্রার্থী যুব সমাজের একটা বড় অংশ মুখ ফেরাতে শুরু করেছে শাসক দলের থেকে। পঞ্চায়েত নির্বাচনে সেই ঝড় কোনোমতে সামলালেও লোকসভায় তা বড়সড় ধাক্কা দিতে পারে যা টালমাটাল করে দিতে পারে তৃণমূল কংগ্রেসকে। আর তাই পঞ্চায়েত ভোটপর্ব মিটে গেলেই শিক্ষক সমস্যার সমাধানে ব্রতী হবে সরকার, জানাচ্ছে নবান্ন সূত্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.