Header Ads

হাওড়ায় করোনা সংক্রমণ বাড়ছে; ২৭টি এলাকায় ফের কড়া লকডাউন

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। শেষ পাওয়া খবর অনুসারে , গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৭৫ জন। নতুন ৪৭৫ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে আরও ১৫ টি।
যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬। অন্যদিকে গত ২৪ ঘণ্টার সুস্থ হয়ে উঠেছেন ৪৮৮ জন। এদিনের ৪৮৮ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ১৯০ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৫২ জন। এদিন ৪৮৮ জন সুস্থ হয়ে ওঠায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৩২ জন। পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৪৯২ টি। অন্যদিকে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ২৫৮।

রাজ্যের প্রশাসনিক প্রধান বুধবারই ঘোষণা করেছেন, রাজ্যে লকডাউন চলবে ৩১ জুলাই পর্যন্ত। তাঁর সেই ঘোষণার পরের দিনই হাওড়া শহরের  দেখা গেল লকডাউনের পুরনো ছবি। বৃহস্পতিবারই শহরের ২৭টি কন্টেনমেন্ট জোনের রাস্তা গার্ডরেল দিয়ে আটকে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় সতর্কীকরণ বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, ওই এলাকাগুলিতে বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন না। সেখানকার বাসিন্দারাও বাড়ির বাইরে বেরোতে পারবেন না। কেউ এই নির্দেশ অমান্য করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে হাওড়া। কিন্তু গত পয়লা জুন থেকে শহরে কার্যত কোনও বিধিনিষেধ ছিল না। রাস্তা-বাজারহাটে লাগামছাড়া ভিড় ছিল। তাই গতকালের হাওড়া পুলিশের তৎপরতায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই সংক্রমণ এড়াতে প্রশাসনের এই তৎপরতায় ভরসাও পাচ্ছেন সাধারণ মানুষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.