Header Ads

CBSE-র পরীক্ষা বাতিলের ঘোষণা আদালতের; বঙ্গে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হওয়া নিয়ে প্রশ্ন

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতিতে নতুন করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে আগামী ৩১শে জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকছে রাজ্যে। এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৪৪৫ জন। নতুন ৪৪৫ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ১১ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯১। অন্যদিকে গত ২৪ ঘন্টার সুস্থ হয়ে উঠেছেন ৪৮৪ জন।
এদিনের ৪৮৪ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭০২ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৮০ জন। এই অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আগামী ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের সমস্ত শিক্ষাঙ্গন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১শে জুলাই পর্যন্ত রাজ্যে থমকে থাকবে রেল পরিষেবাও, চলবে না মেট্রো বা লোকাল ট্রেন।

 অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি আছে। এই মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল এই রাজ্যের শিক্ষা দফতর। অনেকেই মনে করেছিলেন পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে এই মামলার  রায়েরে দিকে তাকিয়ে আছে রাজ্য সরকার।

ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আগেই। জুলাইয়ে হচ্ছে না দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সুপ্রিম কোর্টকে দেওয়া লিখিত জবাবে CBSE বৃহস্পতিবার এমনই জানিয়েছে। বাতিল হচ্ছে দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষাও।  বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনার পর কেন্দ্র ও CBSE বোর্ডের তরফে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি খানউইলকরের বেঞ্চকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে CBSE বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষায় ১ জুলাই থেকে ১৫ জুলায়ের মধ্যে নেওয়া হবে। ওই বিজ্ঞপ্তি বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। পরীক্ষার্থীদের অভিভাবকদের একাংশ শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল, দেশজুড়ে কোভিড-পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি বাতিল করা হোক। ভিডিয়ো কনফারেন্সের মারফত সেই মামলার আজ শুনানি হয়।

আজ শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটির জেনারেল তুষার মেহতা জানান, রাজ্যগুলির সঙ্গে আলোচনার পর ১ জুলাই থেকে দশম ও দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা বাতিল করা হচ্ছে। বোর্ডের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা চাইলে পরে পরীক্ষা দিতে পারবে। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

সিবিসিইর সমস্ত পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা নতুন করে জল্পনা বাড়িয়েছে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এই লকডাউনের মধ্যে। এখন দেখার শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়। আর সেই দিকে তাকিয়ে কয়েক হাজার পরীক্ষার্থী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.