এবার আইপিএল নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী
নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে ভারতীও খেলার জগতে নেমে এসেছে এক অনিশ্চয়তা। কবে সব কিছু ঠিক হবে কার জানা নেই। এর মধ্যে করোনা পরবর্তী সময়ে ভারতে খেলাধূলা হলে তা বন্ধ দরজার আড়ালে হবে। অদূর ভবিষ্যতে ভারতে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। তাই আইপিএল -এর নাম না করলেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কথায় একটা বিষয় স্পষ্ট আইপিএল হলেও তা হবে ক্লোজড ডোর। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বজুড়ে ক্রিকেট বন্ধ। বন্ধ মাঠের তালা ফের কবে খুলবে জানা নেই। ভারতে চতুর্থ দফার লকডাউনে মাঠ এবং স্পোর্টস কমপ্লেক্সগুলি দর্শকশূন্য রাখার শর্তে খোলার অনুমতি দেওয়া হয়েছে।
এবার আইপিএলের নাম না করে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। তিনি জানিয়ে দেন, "একটা স্পোর্টিং ইভেন্টের জন্য আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে পারি না।" তিনি আরও বলেন, "খেলা কীভাবে শুরু করা যায় সেটা নিয়ে আমরা বেশ কিছু দিন ধরেই ভাবনাচিন্তা করছি। তবে খেলা শুরু করার আগে প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে। তবে এই ধরণের পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি কোনও টুর্নামেন্ট শুরু করা যাবে না।"

No comments