মাত্র ২০ লক্ষ টেস্টেই ৮৫ হাজার আক্রান্ত; চিনকে টপকে বিশ্বের ১১ নম্বরে ভারত! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ সমগ্র বিশ্ব করোনা বিরুদ্ধে লড়াই করছে; মানবজাতি একজোট তবুও রোখা যাচ্ছে না সংক্রমণ। সারা বিশ্বে এই মুহুর্তে সংক্রামিতের সংখ্যা ৪৫ লক্ষ ৮০ হাজার ৪৮। এই বিপুল সংক্রামিতের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫ হাজার ৫৮৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৭ লক্ষ ৩৫ হাজার ৩৮৬ জন। বাকিরা এই মুহুর্তে চিকিৎসাধীন। বিশ্বের মধ্যে সবচেয়ে সংক্রামিত দেশ আমেরিকা, আমেরিকায় সংক্রমণ ছড়িয়েছে ১৪ লক্ষ ৬৫ হাজার ৪৭ জনের মধ্যে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৮৭ হাজার ২৯৯ জন মানুষের।
আমেরিকার পর সংক্রমনের নিরিখে যথাক্রমে রয়েছে স্পেন, রাশিয়া, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, তুর্কী, ইরান আর ঠিক তাঁর পরেই ১১ নম্বর স্থানে রয়েছে ভারত। অর্থাৎ সংক্রমনের নিরিখে চিনকে পিছনে ফেলেছে ভারত। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৪৬ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩০ হাজার ৭৯ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৭৪৬ জনের।
ভারতের পরে অর্থাৎ বিশ্বে সংক্রমনের নিরিখে একদা ১ নম্বরে থাকা চিন রয়েছে ১২ নম্বর স্থানে, সেখানে মোট আক্রান্ত ৮২ হাজার ৯৩৩, যার মধ্যে সেরে উঠেছেন ৭৮ হাজার ২০৯ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের এবং এখন চিকিৎসাধীন ৯১ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে; এই হার বজায় থাকলে আগামি ১ মাসের মধ্যে সংক্রমনের নিরিখে প্রথম ৫ এ উঠে আসবে ভারত। উল্লেখ্য ভারতে এখন পর্যন্ত প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে মাত্র ১ হাজার ৪৮০ জনের! ১৩৩ কোটির দেশে এখন পর্যন্ত টেস্টের সংখ্যা ২০ লক্ষ ৩৯ হাজার ৯৫২।

No comments