করোনা সংক্রমনের জের; বন্ধ হল এয়ার ইন্ডিয়ার সদর দফতর! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ এয়ার ইন্ডিয়ার কর্মীদের মধ্যেও এবার ছড়াল করোনা ভাইরাসের সংক্রমণ। বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারতেও হুহু করে বাড়ছে সংক্রমণ। এখন পর্যন্ত দেশজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৩৩৯ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৩১০ জনের। বাকি ৪৫ হাজার ৯৯২ জন এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এয়ার ইণ্ডিয়া সূত্রে খবর তাঁদের মোট ৮ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার জেরে দিল্লীতে ২ দিনের জন্যে বন্ধ করা হচ্ছে এয়ার ইন্ডিয়ার সদর দফতর। এই দুদিন সব কর্মীরা বাড়িতে থেকেই কাজ করবেন। দিল্লীর অফিসে এক পিয়নের করোনা সংক্রমনের জেরেই এই সিদ্ধান্ত। এই পিয়ন ছাড়াও আরও ৭ জন এয়ার ইন্ডিয়ার কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে আছেন ৫ জন পাইলট সহ এক ইঞ্জিনিয়ার এবং একজন টেকনিশিয়ান আক্রান্ত হয়েছেন। এয়ার ইন্ডিয়া সূত্র জানাচ্ছে মোট ৭৭ জনের করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট করতে পাঠানো হয়েছিল যার মধ্যে এই আট জনের পজিটিভ এসেছে। অন্যদিকে সূত্র জানাচ্ছে সংক্রামিত ৫ পাইলট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার্স ওড়ান। এরা শেষ ডিউটি করেছেন গত ২০ এপ্রিল। ইতালি এবং ইরান থেকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে এনেছিলেন এরা।

No comments