ফের ডায়মন্ড হারবার হাসপাতালে রোগীর দেহে মিলল করোনা, ৭০ জন কোয়ারেন্টাইনে
নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবারঃ আবারও ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগীর দেহে মিলল করোনা ভাইরাস। কিছুদিন আগেই লিভারের সমস্যা নিয়ে মগরাহাট-১ ব্লকের বাসিন্দা বছর ৪৫-এর ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়। সোমবার রিপোর্টে করোনা পজেটিভ মেলে। এরপরই তড়িঘড়ি ওই ব্যক্তিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে আসায় মোট ৭০ জনকে কোয়ারেন্টাইনে পাঠাল প্রশাসন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে করোনা আক্রান্ত ওই ব্যক্তি উস্থি থানার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের রসা-দোগাছিয়া এলাকার বাসিন্দা। তিনি মহেশতলার রবীন্দ্রনগর এলাকার একটি ওষুধ দোকানে কাজ করতেন। গত কয়েকদিন আগে লিভারের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তাঁর লালরস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার সেই রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়।
এরপরই তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিয়মমাফিক হাসপাতাল স্যানিটাউজ করার কাজ শুরু হয়েছে। মহকুমা শাসকের নির্দেশে আক্রান্তের গ্রামে পৌঁছান মগরাহাট-১ ব্লকের বিডিও বিশ্বজিৎ মন্ডল ও ব্লক স্বাস্থ্য আধিকারিক অরূপ নস্কর। ইতিমধ্যেই গোটা এলাকাকে 'কন্টেনমেন্ট জোন' ঘোষণা করেছে প্রশাসন। আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে আসা ১৫ জন সহ পরোক্ষ সংস্পর্শে আসা ও এলাকার বাসিন্দা সব মিলিয়ে ৭০ জনকে চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। দ্রুত তাঁদের লালারসের নমুনা নিয়ে সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হবে। আক্রান্তের গ্রাম পুরোপুরি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি চলছে স্যানিটাইজ করার কাজ। এলাকার মানুষজন যাতে অযথা বাড়ির বাইরে বেরিয়ে জটলা না করেন সেদিকে লক্ষ্য রেখে ড্রোন দিয়ে চলছে নজরদারি। সব মিলিয়ে এলাকায় ব্যাপক আকারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

No comments