Header Ads

চাকরি না পেয়ে আত্মহত্যা প্রশিক্ষিত প্রাইমারী টেট উত্তীর্ণ প্রার্থীর! শিক্ষামন্ত্রী শুনছেন?

নজরবন্দি ব্যুরোঃ গত ১৮ ই মে, ২০২০ ভোরবেলা বাড়ির পিছনের বাঁশ বাগান থেকে উদ্ধার হলো বছর ৩২ এর এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। মৃত যুবক অনুপ কুমার মাইতি, পশ্চিম মেদনীপুরের ঘাটালের বাসিন্দা। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ও একমাত্র সন্তানের আত্মহত্যায় বৃদ্ধ পিতামাতার বুকে যেনো আকাশ ভেঙে পড়েছে। ইংরেজিতে স্নাতক মেধাবী এই যুবকের এলাকায় যথেষ্ট সুনাম ছিলো। এলাকার মানুষের বক্তব্য অত্যন্ত ঠান্ডা ও মিশুকে স্বভাবের ছিলো অনুপ বাবু, কিছুতেই তারা তাঁর এই মৃত্যু মেনে নিতে পারছেন না। টিউশান পড়িয়ে কোনোরকমে তাঁর সংসার চলতো কিন্তু এই লকডাউনে সেই আয়ের পথও বন্ধ হয়ে যায়।
 সাধারণ নিম্নবিত্ত পরিবারের আর পাঁচজনের মতো তাঁরও স্বপ্ন ছিলো একটা সরকারী চাকরী করার। ২০১৫ সালে প্রাথমিক টেটে উত্তীর্ণ এই প্রার্থী, চাকরী পাবার আশায় ৪ বছর ধরে অপেক্ষার প্রহর গুনতে থাকে। অত্যন্ত দারিদ্রতার মধ্যেও নিজের স্বপ্ন পূরণ করার জন্য জমি বেচে ডি এল এড প্রশিক্ষণও নিয়েছিলো এই যুবক। কিন্তু ৪ বছর ধরে প্রাথমিকে কোনো নিয়োগ নেই। অবশেষে বাঁধ ভাঙলো ধৈর্যের, বৃদ্ধ পিতামাতার শুকনো মুখে দুটো অন্ন তুলে দেওয়ার রাস্তটুকুও বন্ধ হয়ে যাওয়ায় অত্যন্ত হতাশা ও মানসিক চাপেই শেষমেষ আত্মহত্যার পথ বেছে নিতে হলো এই যুবককে। এইভাবে তরতাজা একটি প্রাণের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.