Header Ads

কলকাতা পুরসভায় প্রশাসক বসানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

নজরবন্দি ব্যুরোঃ মেয়াদ শেষের পর কলকাতা পুরসভায় প্রশাসক বসানো নিয়ে ফের রাজ্যপাল-মুখ্যমন্ত্রী মৌন সংঘাত জারি রইল। আগেই রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে পুরসভায় প্রশাসক বসানো নিয়ে তথ্য জানতে চান। কিন্তু তাঁর চিঠির প্রেক্ষিতে কোন উত্তর আসেনি বলে দাবি করেছেন রাজ্যপাল। এরপরই বৃহস্পতিবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে একই তথ্য জানতে চান। এদিনের চিঠিতেও তিনি সংবিধানের ১৬৭ নং অনুচ্ছেদের উল্লেখ করেন।
 মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, “অনুচ্ছেদ ১৬৭ অনুযায়ী রাজ্যপালের প্রতি দায়িত্বপালনের ক্ষেত্রে আপনার এই লাগাতার নীরবতা দুর্ভাগ্যজনক ও অনুচ্ছেদ ১৬৪-এর শপথের পরিপন্থী এবং সংবিধানের স্বত্তা ও ভাবেরও বিরোধী, যা নিশ্চিতরূপে অসমর্থনীয়।” ইতিমধ্যেই রাজ্যপালের এই চিঠি নিয়ে ব্যাপক সোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড় যোগ দেওয়ার পর থেকেই রাজ্য-রাজ্যপাল সংঘাত বহুবার প্রকাশ্যে এসেছে।
 এমনকি করোনা আবহেও রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল পত্রাঘাত নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করোনা নিয়ে তথ্য গোপন করারও অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। এবার সেই সংঘাত কাটতে না কাটতেই প্রশাসক বসানো নিয়ে সংঘাত। রাজ্যপালের অভিযোগ তাঁর মতামত না নিয়েই পুরসভায় প্রশাসক বসানো হয়েছে। এবিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখলেও তিনি কোন উত্তর দেন নি বলে অভিযোগ। এরপরই বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.