মদ্যপদের সঙ্গে বচসা, আক্রান্ত দুই আইনজীবী সহ ৭
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ নিজেদের বাগানের গাছ কাটার প্রতিবাদ করায় দুই আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকার বেশ কিছু যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থির ঘটকপুর গ্রামে। গুরুতর আহত হয়েছেন দুই আইনজীবী সহ মোট ৭ জন। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে প্রতিবেশী কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় আইনজীবী অজয় সরদার ও আনন্দ সরদারদের বাগানের বেশকিছু গাছ কেটে দেয় বলে অভিযোগ। বিষয়টি চোখে পড়তেই প্রতিবাদ করেন আইনজীবীরা। কিন্তু উল্টে ওই মদ্যপ যুবকরা আইনজীবীদের কটাক্ষ করে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। পরে বাধ্য হয়েই থানার দ্বারস্থ হন আইনজীবীরা। পরে পুলিশ এসে বিষয়টি মিটমাট করে যায়। কিন্তু এরপরই এদিন বিকেল নাগাদ প্রতিবেশী রাজকুমার নস্কর, দীপক নস্কর, তপন সরদার, সোমনাথ হালদার বেশ কিছু দুষ্কৃতীকে নিয়ে আইনজীবীদের বাড়িতে চড়াও হয়।
এরপর লাঠি ও বাঁশ দিয়ে দুই আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন সাত জন। এদের মধ্যে আইনজীবী অজয় সরদারের মাথা ফাটে। পরিবারের এক সদস্য গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রাজকুমার নস্কর, দীপক নস্কর, সোমনাথ হালদার, তপন সরদার সহ মোট ১৩ জনের বিরুদ্ধে উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবীরা। সেই অভিযোগের ভিত্তিতে রাজকুমার নস্কর ও দীপক নস্করকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭,৩২৫ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়।শুক্রবার ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments