এই সময়ও নিয়ম করে থলে হাতে বাজারে যাচ্ছেন তো ? পড়ুন প্রতিবেদন টি
নজরবন্দি ব্যুরোঃ বাজারে গিয়ে মাছ- সবজি কিনতে ভিড় করছেন অনেকেই। এ রাজ্যেও বার বার সতর্ক করার পরে টনক নড়ছে না সাধারণ মানুষের। এবার আগ্রার একটি ঘটনায় ফের প্রমাণিত হলো, বাজারে গিয়ে ভি়ড় করার প্রবণতা কীভাবে করোনা ভাইরাসকে ঘরে ডেকে আনতে পারে। বাজারেই এক সব্জি বিক্রেতা করোনা আক্রান্ত হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনা আগ্রার একটি বাজারের। ইতিমধ্যেই এই ঘটনায় হুলস্থূল গোটা আগ্রাজুড়ে। প্রশাসনেরও ঘুম ছুটেছে।আগ্রার ফ্রিগঞ্জের চমন লাল এলাকায় এই ঘটনা ঘটেছে।
আক্রান্ত ব্যক্তি আগে অটো চালাতেন। কিন্তু লকডাউনের কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় তিনি সব্জি বিক্রি শুরু করেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।এরপরই আশঙ্কিত প্রশাসন খুঁজতে শুরু করে ওই সব্জি বিক্রেতার কাছ থেকে কে কে জিনিস কিনেছেন এবং কারা তার সংস্পর্শে এসেছেন। এমন ২০০০ মানুষকে ইতিমধ্যেই হোম কোয়ারেন্টিনে করা হয়েছে।উত্তরপ্রদেশের আগ্রা এমনিতেই হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্র সরকার। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫০। ইতিমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর চিকিত্সকরা মনে করছেন গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ সব্জি বিক্রেতার মত একজন আক্রান্ত হওয়ার পরে আগ্রায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আরও বেড়েছে।

No comments