করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল
নজরবন্দি ব্যুরোঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের পরিষেবা। এক রোগীর করোনা ধরা পড়তেই আতঙ্ক ছড়ায় হাসপাতালে। শনিবার সকাল থেকেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হল হাসপাতাল সংলগ্ন সব দোকানপাটও। ওই এলাকায় সমস্ত রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অযথা কেউ গলিতে না ঢুকতে বা বেরোতে পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। স্থানীয়রা নিজেরাই রাস্তা বন্ধ করে দিয়েছেন। এলাকার মানুষ আতঙ্কিত।এই খবর চাউর হতেই আতঙ্ক তৈরি হয় হাসপাতালে রোগী, রোগীর পরিবার, নার্স, চিকিত্সোকদের মধ্যে। হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও নার্সরা সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানোর দাবি জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগীর সংস্পর্শে আসা কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে।প্রসঙ্গত, ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে কিছুদিন আগে মুর্শিদাবাদের সালারের এক বৃদ্ধ ভর্তি হন। চিকিত্সায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি। এরপর ফের অসুস্থ বোধ করায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকদের সন্দেহ হওয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এরপর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, তাঁর পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও স্বাস্থ্যভবন সূত্রে এখনও কিছু জানা যায়নি।

No comments