খবর সংগ্রহ করতে গিয়ে করোনার কবলে মুম্বাইয়ের ৫৩ জন সাংবাদিক
নজরবন্দি ব্যুরোঃ গোটা পৃথিবীতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। বহু চেষ্টা করেও কমান যাচ্ছে না এই মারণ ভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সব মিলিয়ে এই এই মারণ ভাইরাসের দাপটে কাঁপছে গোটা পৃথিবী। আমাদের দেশেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমের কর্মীদের উপরেও করোনার থাবা। মুম্বইয়ের ৫৩ জন সাংবাদিকের দেহে মিলেছে করোনার চিহ্ন। মুম্বই পুরসভার তরফে এই সাংবাদিকদের আইসোলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, করোনার প্রবল বিপদেও বিভিন্ন ক্ষেত্রে সদর্পে কর্তব্যে অবিচল সাংবাদিকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা খবর সংগ্রহে ব্যস্ত।
সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, করোনা আক্রান্তের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই সম্প্রতি তাঁদের শারীরিক পরীক্ষা করানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই পুরসভা। তারপরই বিভিন্ন সংবাদমাধ্যমের ১৬৭ জন সাংবাদিক ও ক্যামেরা ম্যানের শারীরিক পরীক্ষা হয়। এর ফলাফল প্রকাশ পেতে দেখা যায়, কমপক্ষে ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনার জীবাণু বাসা বেঁধেছে। এপ্রসঙ্গে পুরসভার স্বাস্থ্য কমিটির সদস্য ও শিব সেনা নেতা আমে ঘোলে বলেন, এখনও পর্যন্ত ১৭১ জন সাংবাদিকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৫৩ জনের শরীরে কোভিড-১৯ জীবাণু পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

No comments