বিপুল তৈলখনির সন্ধান মিলল ইরানে! প্রেসিডেন্ট বললেন জনগনের জন্যে তোফা।
নজরবন্দি ব্যুরো: মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই বিপুল তৈলখনির সন্ধান মিলল ইরানে। সেখানকার প্রেসিডেন্ট হাসান রৌহানি নিজেই এই তেল ভান্ডারের কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর ২ হাজার ৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই তেল ভান্ডারটির। এই তেল ভান্ডারটি অবস্থিত ইরানের দক্ষিণ - পশ্চিমাঞ্চলে, খুজেস্তান প্রদেশে। সমীক্ষা বলছে, ওই ভান্ডার থেকে ৫৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা যেতে পারে। তাতে ইরানের বর্তমান তেল ধারণ ক্ষমতা প্রায় ৩৪% বাড়বে বলেই দাবী করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি।
ইরানের তেল মন্ত্রী বিজান জাঙ্গানেহের দাবী, ইরানের সবচেয়ে বড় তেল ক্ষেত্রটি রয়েছে আহওয়াজ প্রদেশে। সেখানে তেলের পরিমাণ আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল এবং ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে নতুন তৈলক্ষেত্রটির সন্ধান মিলেছে, সেটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম তৈলখনি এমনটাই দাবি করেন ইরানের তেল মন্ত্রী। ইরানের বিশেষজ্ঞদের উল্লেখ করে তিনি জানান, খুজেস্তান প্রদেশে আবিষ্কৃত এই খনিতে মজুত তেলের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি ব্যারেল। এবার আরো তেল ভান্ডারের সন্ধান মিলল তেহরানে।
জানা গিয়েছে, ২০১৬ সালে খুজেস্তান প্রদেশে নতুন তৈলখনির আবিষ্কারের জন্য খনন কাজ শুরু হয়েছিল। প্রথমদিকে ৩ হাজার ১০০ কোটি ব্যারেল তেল আছে বলে ধারণা করা হলেও পরে খননকার্যের এক পর্যায়ে সেখানে আরও ২ হাজার ২০০ কোটি ২০ লক্ষ ব্যারেল তেলের খোঁজ পাওয়া যায়। যা দেখে তেহরানের বিজ্ঞানীরা আনন্দে ফেটে পড়েন। অন্যতম বৃহৎ তৈলখনিটি ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার গভীরে অবস্থিত। এর পুরুত্ব হচ্ছে গড়ে ৮০ কিলোমিটার। খনিটি বোস্তান থেকে উমিদেহ পর্যন্ত বিস্তৃত বিশাল খনির আয়তন ২,৪০০ বর্গ কিলোমিটার। ইরানের তেল মন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেন, খননকার্য চালালে এই খনিটি সম্ভবত দক্ষিণ - পশ্চিমে এবং পূর্বদিকে আরও বিস্তৃত হতে পারে।
দেশের খুজেস্তান প্রদেশে যে নতুন তেলখনির সন্ধান পাওয়া গেছে, এই ঘোষণাটি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কিছুদিন আগেই অতি উৎসাহের সঙ্গেই করেছিলেন। তাঁর কথায়, " এটি হচ্ছে ইরানের জনগণের জন্য সরকারের তরফ থেকে ছোট্ট একটি তোফা।"

No comments