Header Ads

বিজেপির মিছিলের উপর জলকামান, টিয়ার গ্যাসের সেল। আহত বহু বিজেপি সমর্থক

নজরবন্দি ব্যুরো: বিজেপির মিছিল রুখতে আগেই ব্যবস্থা সেরে রেখেছিল পুলিশ। বিজেপির মিছিল পুলিশের ব্যারিকেড ভাঙতেই মারমুখী হয়ে ওঠে পুলিশ। মিছিল লক্ষ্য করে জলকামান ছোড়া হয়।
দফায় দফায় কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।এই পুলিশি হামলায় বেশ কয়েকজন জখম হয়েছেন। ফিয়ার্স লেনের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়েন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির একাধিক হেভি-ওয়েট নেতা।

অপরদিকে, এই উত্তেজনার মধ্যেই লালবাজারের সামনে বিজেপির পতাকা হাতে রাস্তায় বসে পড়েন কিছু মহিলা কর্মী। রাস্তায় বসে পড়ে জয় শ্রীরাম স্লোগান দেন তাঁরা। পরে, পুলিশ এসে ওই মহিলা বিজেপি কর্মীদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। আজ, বুধবার পূর্ব ঘোষণা মতন দুপুর ১ টা থেকে বিজেপি লালবাজার অভিযান শুরু হয়।
সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বাংলা ও কেন্দ্রের বিজেপি নেতাদের উপস্থিতিতে বেশ কয়েকজন সাংসদ লালবাজার অভিযানে নামেন। ছিলেন বিপুল সংখ্যক বিজেপি সমর্থক। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে মিছিল এগোতেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড।
ফিয়ার্স লেনের কাছে বিজেপির মিছিল রুখে দেয় পুলিশ। সেখানে বিশাল ব্যারিকেড গড়ে তোলা হয়। বিজেপির কর্মীরা ব্যারিকেড ভাঙতেই শুরু হয় পুলিশি ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.