Header Ads

নবীনদের হাতে দায়িত্ব, সেপ্টেম্বরেই অব্যাহতি নিতে পারেন সূর্যকান্ত মিশ্র।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে দেশ জুড়ে ভরাডুবি হয়েছে সিপিআইএমের। কেরলে ক্ষমতায় থাকা অবস্থাতেও কোনমতে শূণ্য হওয়া আটকাতে পেরেছে সিপিআইএম। এরাজ্যের চিত্রটা আরও করুন, আসন পাওয়া তো দূরের কথা কোন আসনে দ্বিতীয়ই হতে পারেনি রেড ফোর্স।
আর নির্বাচনে বিপর্যয়ের পর নিচু থেকে উঁচু সব তলাতেই নেতৃত্বের ব্যাপক রদবদল ঘটাতে চলেছে সিপিআইএম নেতৃত্ব। কিন্তু এর মধ্যে সব থেকে বড় ব্যাপার হল সূর্যকান্ত মিশ্রের রাজ্য সম্পাদক পদ থেকে অব্যাহতি চাওয়া। সূত্রের খবর লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে আর দায়িত্বে থাকতে চান না সূর্যকান্ত বাবু। তিনি চান পরবর্তী প্রজন্মের হাতে দলের ব্যাটন তুলে দিতে।
যদিও সিপিআইএম স্তরে তাঁর সরে যাওয়ার ইচ্ছা নিয়ে কোন আলোচনা হয়নি। কিন্তু দলের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি-র কাছে সূর্যকান্ত মিশ্র আলাদা ভাবে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন বলে জানা গিয়েছে। সেই প্রস্তাবে ইয়েচুরি রাজি হননি।
এর পরেই লোকসভা ভোট পর্যালোচনা সংক্রান্ত মিটিঙের পর সম্পাদকের জবাবী ভাষন দিতে উঠে তিনি বলেন, "আমার বয়েস হয়েছে, অবসর নিতে হলে খুশিই হব। লেখালেখি করব, পড়াশোনা করব। গ্রামের বাড়িতে যাব, পার্টির কাজ করব"।
অন্যদিকে, সিপিআইএম এর সাঙ্গঠনিক রদবদলের প্রস্তাব নিয়ে আলোচনা হবে আলিমুদ্দিনে, আলোচনার জন্যে রাজ্য কমিটির মিটিংও ডাকা হতে পারে। সিদ্ধান্ত যা হবে তা নিয়ে প্রস্তাব পেশ করা হবে সেপ্টেম্বর মাসের কেন্দ্রীয় কমিটির মিটিং-এ। আর সেই মিটিং-এ যদি রাজ্য সম্পাদক পদ থেকে সূর্যকান্তের সরে দাঁড়ানোর প্রস্তাব পাশ হয়ে যায় তা কার্যত নজিরবিহীন হবে সেটা বলাই বাহুল্য।
উল্লেখ্য, ২০১৫ সালে রাজ্য সম্মেলনের সময় সম্পাদক হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.