Header Ads

মোদীর জামানাতেই বেকারত্বের হার সর্বোচ্চ! বলছে সার্ভে রিপোর্ট।

নজরবন্দি ব্যুরোঃ গত ৪৫ বছরে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ ২০১৭-১৮ আর্থিক বছরে। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের সমীক্ষায় সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য।
বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার হাতে পৌঁছেছে দেশের কর্মসংস্থানের তথ্য এবং পরিসংখ্যান সংক্রান্ত সমীক্ষার সেই ‘গোপন’ রিপোর্ট। সেখানেই দেখা যাচ্ছে, ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। এই রিপোর্ট প্রকাশ না করা নিয়েই গত কয়েক দিন ধরে চলছিল বিতর্ক। রিপোর্টে দেখা যাচ্ছে দেশে বেকারত্বের হার এখন আক্ষরিক অর্থেই আকাশচুম্বী।
 গ্রামের থেকে শহরাঞ্চলে বেকারত্বের হার অনেকটাই বেশি। ভারতবর্ষের গ্রামে বেকারত্বের হার ৫.৩ শতাংশ, সেখানে শহরাঞ্চলে বেকারত্বের হার পৌঁছেছে ৭.৮ শতাংশে। সামগ্রিক ভাবে সারা দেশে বেকারত্বের হার গত ছয় বছরে ২.২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬.১ শতাংশে। অন্য দিকে সারা দেশের যুবসমাজের মধ্যে বেকারত্বের হার ১৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশে।দেশে বেকারত্ব বাড়ছে, বিরোধীরা লাগাতার এই অভিযোগ তুললেও সেই সংক্রান্ত কোনও সরকারি রিপোর্ট এতদিন সামনে আসেনি।
 এই রিপোর্ট প্রকাশ নিয়েও বেশ কিছু দিন ধরেই চলছে টালবাহানা। তার জেরে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন-এর ভারপ্রাপ্ত প্রধান পি সি মোহনন।মোহননের সঙ্গেই ইস্তফা দেন এনএসসি-র আরও এক সদস্য জে ভি মীনাক্ষী। বিরোধীদের অভিযোগ ছিল, মোদী জমানায় সিবিআইকে ‘খাঁচাবন্দী তোতাপাখি’তে পরিণত করা হয়েছে। নীতি আয়োগ, রিজার্ভ ব্যাঙ্ক, সিবিআই-এর পর সেই তালিকায় সর্বশেষ সংযোজন হল জাতীয় পরিসংখ্যান কমিশন বা এনএসসি, এই অভিযোগ তুলতে দেরি করেনি বিরোধীরা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম কটাক্ষ করেছিলেন, ‘‘পুনর্জীবন না পাওয়া পর্যন্ত এনএসসি-র আত্মার শান্তি কামনা করি। জাতীয় পরিসংখ্যান কমিশনের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সেই সঙ্গেই ‘সংশোধনহীন’ জিডিপি প্রকাশের বিরুদ্ধে এই এনএসসি-র লড়াইকে কুর্নিশ করি। দূষিত সরকারের অবহেলায় ২৯ জানুয়ারি আরও একটি স্বশাসিত সংস্থার মৃত্যু হল।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.