Header Ads

বকেয়া ডিএ-র দাবিতে এবার রাজ্য জুড়ে অনশন, বিক্ষোভে বিদ্যুৎ সংস্থার কর্মীরা। চাপে সরকার।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে সরকারি কর্মীদের ক্ষোভ৷ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সারা রাজ্যে অবস্থান বিক্ষোভ ও অনশনের ডাক দিলেন এবার CITU অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়ন।

প্রায় আড়াই বছর হয়ে গেল  বকেয়া পড়ে রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা৷ তার ওপর কর্মী নিয়োগ নেই৷ ফলে কাজের চাপ বেড়েই চলেছে কর্মচারীদের ওপর। স্থায়ী কর্মীর বদলে ঠিকা শ্রমিক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। কর্মচারীদের প্রাপ্য ডিএ নিয়ে সরকারের কোনো হেলদোল নেই, অথচ দানখয়রাতি-বিজ্ঞাপনে ব্যয় করা হচ্ছে কোটি কোটি টাকা। এসবের প্রতিবাদে আগামি ১৩ এবং ১৪ ডিসেম্বর রাজ্যের সর্বত্র অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন বিদ্যুৎ সংস্থার কর্মীরা। ওইদিন বিদ্যুৎ বন্টন ও সংবহন সংস্থার অফিসের সামনে অনশনে বসবেন কিছু কর্মী। বাকি কর্মীরাও দুপুরের খাবার না খেয়ে সংহতি জানাবেন। তবে কাজ অব্যাহত রেখেই এই বিক্ষোভ চালানো হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থাকে বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়ার যে আইন এনেছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাবেন বিদ্যুৎ সংস্থার সরকারি কর্মচারীরা। এবিষয়ে প্রতিবাদের জন্য আগামি জানুয়ারির ৮-৯ তারিখে যে সর্ব ভারতীয় সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে তাতে এদিন সংহতি জানাবেন বিক্ষোভকারী কর্মীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.