Header Ads

রাজ্যে কমছে কংগ্রেস ও সিপিআই(এম)! বাড়ছে তৃণমূল-বিজেপি।



নজরবন্দি ব্যুরো: লোকসভার আগে বিরোধী শিবিরে আবার ভাঙন ধরিয়ে দিল তৃণমূল। সিপি আই(এম)-র আসানসোল পুরসভার কাউন্সিলর যোগ দিলেন রাজ্যের শাসক দলে। আর তৃণমূলে যোগ দিয়ে ওই কাউন্সিলর ওয়াসিমুল হক জানান, উন্নয়নের স্বার্থেই সিপি আই(এম) ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।


সিপি আই(এম) থেকে তিনি সেইভাবে কাজ করতে পারছিলেন না। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে তিনি লাল পতাকা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও তাঁর এই দলবদলে জেলা সিপি আই(এম) নেতৃত্ব বেশ অখুশি। সিপি আই(এম)-র অভিযোগ, নিজের উন্নয়নের তাগিদেই শাসকদলে নাম লিখিয়েছেন কাউন্সিলর। তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তিনি তৃণমূলে নাম লেখান।

 ওয়াসিমুল হক এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত। ফলে সিপি আই(এম) ছেড়ে তিনি তৃণমূলে আসায় এলাকায় লোকসভা ভোটের আগে শাসক শিবির শক্তিশালী হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।  রাজ্যে কংগ্রেস ছেড়ে অধিকাংশ নেতা-কর্মী তৃণমূলে এবং সিপি আই(এম) ছেড়ে অধিকাংশ নেতা-কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন।  তার মধ্যে শাসক দলেও আসছেন সিপি আই(এম) একটা অংশ। ফলে এই মুহূর্তে রাজ্যে সিপি আই(এম) ও কংগ্রেসের অস্বস্তি বাড়ছে। এই রাজ্যে শক্তিশালী হচ্ছে তৃণমূল ও বিজেপি।  
Theme images by lishenjun. Powered by Blogger.