ডালখোলায় খুন সিপিআই(এম) কর্মী ,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নজরবন্দি ব্যুরো: ডালখোলায় খুন হলেন সিপিআই(এম) নেতা লুৎফুল হক। ডালখোলা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ছিলেন তিনি। আজ সকালে হেমন্তপুর নদীর ধার থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল থেকে বাড়ির বাইরে ছিলেন লুৎফুল। তার ছেলে জানান তার বাবা লুৎফুল হক রাতে বাড়ি ফেরেননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের শেষ মাথায় লুৎফুল হকের দাদার বাড়ি। পরিবারের সদস্যরা মনে করেছিলেন লুৎফুল হয়তো ওখানে গেছেন। কিন্তু রাতেও বাড়ি ফেরেননি লুৎফুল। পরে বাড়ির লোকেরা জানতে পারেন লুৎফুল তার দাদার বাড়িতে যাননি।
ভোরবেলা থেকে বাড়ির লোকেরা শুরু করে খোঁজাখুঁজির কাজ। সাতসকালে হেমন্তপুর নদীর পাড় গ্রামবাসীরা তার মৃত দেহ দেখতে পায়। স্থানীয় দের দাবি এর আগেও এই এলাকায় তিন জন খুন হয়। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এই খবর পেয়ে ঘটনা স্থলে হাজির হয় ডালখোলা থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন।
