ধর্মনিরপেক্ষ তকমা হারাতে পারে ভারত!
নজরবন্দি ব্যুরোঃ ভারতে বাড়ছে হিন্দুত্ববাদ। বিগত এক দশক ধরে রাজনৈতিক উদ্দেশ্যে হিন্দুত্ববাদকে ব্যবহার করা হচ্ছে। ফলে ভারতের ধর্মনিরপেক্ষ তকমা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। এই জিগির চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভারত ধর্মনিরপেক্ষ তকমা হারাতে পারে।
সম্প্রতি চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়েছে মার্কিন কংগ্রেসে। সেই রিপোর্টে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভারতের হিন্দুত্বের জিগিড় তোলা হচ্ছে। গত ১০ বছরে এই জিগির উঠেছে দেশে। আর শেষ চার বছরে তা অত্যধিক মাত্রায় বেড়েছে। বলা যায়, সোশ্যাল মিডিয়ার কুপ্রভাবে ভারতের ধর্মনিরপেক্ষতা এখন হাঁসফাঁস করছে।
দেশে যে হিন্দুত্ববাদ বেড়ে চলেছে, যা নিয়ে বুদ্ধিজীবী মহল সরব হয়েছে বারবার, সেই সংক্রান্ত রিপোর্ট মান্যতা পেয়েছে কংগ্রেসে। মার্কিন কংগ্রেসের একটি শাখা কংগ্রেসানাল রিসার্চ সার্ভিস সম্প্রতি 'ইন্ডিয়া : রিলিজিয়াস ফ্রিডম ইস্যু' শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে এমনও উল্লেখ করা হয়েছে যে, গো-রক্ষার নামে ভারতে উগ্র হিন্দুত্ববাদী তাণ্ডব চলছে। উল্লেখ করা হয়েছে গণপিটুনিতে মৃত্যুর কথাও।

No comments