Header Ads

মমতার ব্রহ্মাস্ত্রে তছনছ বিজেপির পঞ্চায়েত লড়াই!

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ এ লোকসভা ভোটের ভিত মজবুত করতে পঞ্চায়েতকে পাখির চোখ করে লড়ার প্রস্তুতি নিয়েছিল বিজেপি। সেই মতো গ্রাসরুট লেভেলে নেমে দলীয় সংগঠন পাকাপোক্ত করার পরিকল্পনা নিয়েছিল গেরুয়া শিবির। সেই পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক।
পঞ্চায়েত ভোটের আগে গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিতে গিয়ে সংগঠনের হাল ধরার জন্য সচেষ্ট বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। সেই উদ্দেশ্যেই দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে পঞ্চায়েত ভোটের আগে চার দিনের সফরে রাজ্যে আসার পরিকল্পনা গ্রহণ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু তাঁর সেই পরিকল্পনা ভেস্তে দিলেন তৃণমূল সুপ্রিমো। অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল অমিত শাহের রাজ্য সফর।

গতকাল নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট জানানো হয়েছে। ১, ৩ এবং ৫ মে ভোটের তারিখ ঘোষণা হয়েছে। অর্থাৎ হাতে আর বাকি নেই এক মাসও। এই অল্প সময়ের মধ্যে রাজ সফরে এসে আর সাংগঠনিক মূল্যায়ন যে অসম্ভব তা বুঝে গেছেন বিজেপি নেতৃত্ব। তাই এই স্বল্প সময়ে রাজ্যে এসে কর্মীদের নতুন করে আর কোনো বার্তা দিতে চান না বিজেপি সেনাপতি অমিত শাহ।

কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পঞ্চায়েত ভোট হবে জুন কিংবা জুলাই অথবা অগাস্টে। তখন বিজেপি নেতা মুকুল রায় মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, তৃণমূল নেত্রী ভয় পেয়ে পিছিয়ে দিতে চাইছেন পঞ্চায়েত নির্বাচন। কিন্তু মে-তেই নির্বাচনের দিন ঘোষণা করে রাজনীতির ময়দানে চানক্যকে বোকা বানিয়ে তাঁকে ভুল প্রমাণ করে দিলেন তিনি। ফলে আপাতত তার ব্রহ্মাস্ত্র সামলাতে হিমশিম গেরুয়া শিবির।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.