Header Ads

জোড়া ফুলের দুর্নীতির বিরুদ্ধে এক-মঞ্চে সিপিআই(এম) ও বিজেপি!

নজরবন্দি ব্যুরো: এবার এক মঞ্চে সিপিআই(এম) ও বিজেপি। উত্তর ২৪ পরগণার বারাকপুরের চন্দন পুকুর বাজারে নাগরিক মঞ্চের ধর্নায় শামিল হলেন সংশ্লিষ্ট ওই লোকসভা কেন্দ্রের বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং এবং প্রাক্তন সিপিআই(এম) সাংসদ তড়িৎ তোপদার।
যদিও  কোন রাজনৈতিক সমীকরণ নেই এই ধর্না মঞ্চে। বারাকপুর পুরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে এবার আন্দোলনে নামল বারাকপুর নাগরিক মঞ্চের সদস্যরা। সেই মঞ্চেই ভিন্ন সময়ে হাজির হন বারাকপুরের প্রাক্তন ও বর্তমান সাংসদ। তবে একসঙ্গে মঞ্চে আসেন নি তাঁরা।

সকালে ধর্না মঞ্চে দেখা যায় তড়িৎ তোপদারকে, বিকেলে ওই একই ধর্না মঞ্চে দেখা যায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংকে। এবার বারাকপুর পুরসভার দুর্নীতির বিরুদ্ধে গড়ে উঠল সম্পূর্ণ অরাজনৈতিক নাগরিক মঞ্চ। সেই নাগরিক মঞ্চে পুরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিনভর ধর্না দিলেন বারাকপুরের সাধারণ নাগরিকদের একটা বড় অংশ। ধর্না মঞ্চে সাধারণ নাগরিকদের পাশে এসে দাঁড়ালেন ওই লোকসভা কেন্দ্রের প্রাক্তন সিপিআই(এম) সাংসদ তড়িৎ তোপদার এবং বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং, যুব বিজেপি নেতা মনীশ শুক্লার মত নেতৃত্বরা।

বারাকপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক মঞ্চের বহু অভিযোগ আছে। একদিকে ওই এলাকার এক হাসপাতালে দুর্নীতির অভিযোগ, আরেকদিকে খেলার মাঠ প্রোমোটারদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত, পুকুরের উপর বেআইনী ভাবে প্রমোটিং করার অভিযোগ করেছেন নাগরিক মঞ্চের সদস্যরা। সাধারণ নাগরিকদের বক্তব্য, এসবের সঙ্গেই যুক্ত হয়েছে পুরসভার কাউন্সিলরদের দুর্নীতির পাহাড়।

ওই এলাকায় তৃণমূলকে আরও চাপে ফেলতে প্রায় সব রাজনৈতিক দল এক ছাতার তলায় আসতে শুরু করেছেন। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে শাসক দলের পক্ষে এটা খুব একটা ভাল ইঙ্গিত নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.