আবুধাবিতে ম্যাচ দেখতে আসতে পারেন দাউদ ইব্রাহিমের সহযোগীরা । প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা।
নজরবন্দি ব্যুরোঃ বুধবার আবুধাবিতে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই নিয়ে উত্তেজনা প্রবল ক্রিকেট অনুরাগীদের মধ্যে। পাশাপাশি, এই ম্যাচ ঘিরে নিরাপত্তা বেষ্টনীও মজবুত করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হতে পারে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের কাছের দুই সহযোগী তথা মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার এবং দাউদের পরিবারের সদস্যরা।
কেবল ভারতীয় গুপ্তচররাই নয়, এই ম্যাচের প্রতি নজর রাখছেন ব্রিটেন, রাশিয়া ও আমেরিকা-সহ ছটি দেশের গুপ্তচররা।সূত্রের খবর, এই ম্যাচ দেখতে ইতিমধ্যেই মুম্বই ও করাচি থেকে দুবাইতে পৌঁছে গিয়েছেন দাউদের আত্মীয়রা। পৌঁছানোর কথা রয়েছে ওই দুই দাউদ সহযোগীর। অনেকদিন ধরেই যাদের খোঁজ করছেন ভারত-সহ বিভিন্ন দেশের গোয়েন্দারা।
জানা গিয়েছে, এই ম্যাচ চলাকালীন নাগালে পেলেই ওই দুই দাউদ ঘনিষ্ঠকে গ্রেপ্তারেরও প্রস্তুতি সেরে রাখছেন গোয়েন্দারা। সূত্রের খবর, ডি কোম্পানি-সহ দাউদের সমস্ত আন্ডারওয়ার্ল্ড কাজের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে এদের। ফলে এদের হাতে পেলে দাউদ সম্পর্কে অনেক তথ্য পাবেন বলে আশা প্রকাশ করেছেন তদন্তাকারীরা।

No comments